Wednesday, September 30, 2009

সপ্তাহান্তে চন্দ্রালোকে

সপ্তাহান্তে একবার ছাদে এসো
তোমাকে আমি জোছনা দেখাব।

জানি জোছনা তোমাকে আগের মত টানে না
নির্ঘুম রাত কাটাও তুমি পুরনো স্মৃতি ঘেটে
জানি বিশ্বাস হারিয়ে আজ তুমি নিঃস্বপ্রায়
আমি কি কিছু করতে পারি তোমার জন্যে?

একবার তুমি চন্দ্রালোকে এসো
আমি তোমাকে শেখাব
নিষ্পলক চাঁদের দিকে তাকিয়ে থেকে
কিভাবে জোয়ার আনা যায় নিশ্চল চোখে।
সেই জোয়ারে ডুবাতে পারো কষ্টগুলো
অথবা ভাসাতে পার নতুন স্বপ্নের ভেলা।

সপ্তাহান্তে একবার ছাদে এলে
আমি তোমাকে জোছনা ঠিকই দেখাব।
সেল ফোনটা সাথে এনো প্লিজ তুমি
হয়তো তোমাকে নতুন কিছু শোনাব।

--------------------
সপ্তাহান্তে চন্দ্রালোকে
বায়েজীদ
ফিলিংগেন, ২৯/০৯/২০০৯

Saturday, September 12, 2009

সবুজের মাঝে লাল তোমাকে

পাহাড়ের গা ছোঁয়া একটা সবুজ মাঠের মাঝখানে
লাল শাড়ি পড়া তোমাকে বসিয়ে
চূড়া থেকে একটা ছবি তুলব তোমার।
ফটোশপে ছবির একটা অংশ কেটে নেব,
যেন আমার প্রিয় দেশের পতাকার মত মনে হয়
তোমার ছবিটা।

সেই ছবিটা আমার দেয়ালে টাঙ্গাব বিজয় দিবসের সকালে
এক ঐতিহাসিক বিজয় আনন্দের সাথে যোগ হবে
এক ব্যক্তিগত বিজয়ের গভীরতম আবেগ।
সেই আনন্দে আমি হাসব, সেই আবেগে আমি কাঁদব
যত দূরেই সেদিন তুমি থাক না কেন,
সবচেয়ে কাছে তুমি আছ বলেই সেদিন ভাবব।

Thursday, February 5, 2009

১৪তারিখ তোকে করি আমি ঘৃণা

১৪তারিখ তোকে করি আমি ঘৃণা
১৪তারিখ তুই আর আসবিনা।
কেউ তোরা আর আমাকে করাসনা মনে
পুরোনো স্মৃতিগুলো খায় পুড়ে পুড়ে।

কেউ আমাকে তোরা আর করাসনে মনে
বছর ঘুরে সেদিনটা আসছে আবার ফিরে।

ভালো লাগেনা দেখতে সেদিন সুখী সুখী মুখ
আমার কেন মনের ভেতর থাকবে শুধু দুখ।
আমিওতো চেয়েছিলাম কাউকে আপন করে
লাজবাব বুঝিয়েছিল, নেই আমার কপালে।
অন্যকারও সাথে ঠিকই আছে অনেক ভাল
আমি কেবল দিনটি কাটাই মুখটি করে কাল।

Wednesday, February 4, 2009

sms korio, he onuragi

"jote jodi mote ekti taka,
khaddo kinio khudhar lagi.
jote jodi dui, ekti dia sms korio he onuragi."

আদর আদর সারা বেলা

আদর আদর সারা বেলা
আদর দেবার কালে
আলতো করে আঁকব চুমু
টিপ হয়ে কপালে।

হাত বুলিয়ে মাথায় দেব
আশীর্বাদের আলো
কাঁধে রাখবো ভরসার হাত
থাকিস যেন ভাল।

যেখানে চাস বেড়াতে নেব
হাটি হাটি পায়ে
গান শুনিয়ে মুছে দেব
দুঃখ যত মনে।


সারাটি জীবন যদি পারতাম
রাখতে তোকে পাশে
জানি সেটা হবেনা কভু
যেতেই হবে তোকে।

যেতে হবে আমাকেও
দূর পাহাড়ের দেশে।
তবুও তুই থাকবি আমার
মনের গভীর কোনে।

Tuesday, February 3, 2009

অনেকদিন দেখিনা আমার শহর

অনেকদিন দেখিনা আমার শহর
প্রাণবন্ত, জমজমাট, এলোমেলো, কোলাহল
অনেকদিন দেখিনা কাল চুলের, সেলোয়ার
কামিজ ওড়না পরা সুন্দরীদের
অনেকদিন খাওয়া হয়না ফুচকা চটপটি
বোরহানী শিক কাবাব মোগলাই
অনেকদিন যওয়া হয়না শাহবাগ
মিরপুর ১০ ফার্মগেট বোর্ডবাজার।

অনেকদিন হাঁটা হয়না ওর পাশে
অনেকদিন কাঁধের স্পর্শে গল্প হয় না
অনেকদিন ফুল হাতে দিতে পারি না ওর
অনেকদিন গল্পে গল্পে করা হয়না ভোর।

আর সইতে পারছিনা অপেক্ষার দিন
দেশে এবার যেতেই হবে আমায়
ঢাকার ফুটপাথের বিক্রেতা, রাস্তার জানজট
বাসের হেলপার, সবাই ঢাকছে, আসুন।
ডিসেম্বরে লম্বা ছুটি নেবো
ফিরে যাবো আবার নিজের ঘরে।

Tuesday, January 27, 2009

তাহাদের পাশে লয়ে কাটে যেন বাকিটা জীবন

যাহাদের ভালবাসি, যাহাদের লাগি পরাণ কাঁদে
তাহাদের পাশে লয়ে কাটে যেন বাকিটা জীবন।
সকাল সন্ধ‌্যা বাইরে কাটাই
ঘরে ফিরে যেন দেখি প্রিয় মুখগুলো,
একটু যেন গল্প করতে পারি রাত বিরাতে,
গীটারের টুং টাং, সাথে কষ্ট ভোলানো গান
গাইতে যেন পারি ওদের সাথে।
এটুকুই প্রার্থনা, খুব বেশী চাইনা,
মাথার উপর একটু ছাদ, ঘরে পেট ভরানো খাবার,
একটু গল্প, একটু গান
মায়ের স্নেহ, বোনের সোহাগ, বাবার পরামর্শ আর ভাইয়ের গল্প
এসব নিয়েই আমি থাকতে চাই।
জীবনের বাকি সব চাওয়াকে আজ অর্থহীন মনে হয়,
কি পেয়েছি কি পাইনি সেই হিসাব করতেও আর ইচ্ছে হয় না।
হে বিধাতা, তুমি কি জানতেনা এই অল্প কিছু চাওয়াই,
আরও অনেক মানুষের মত এই অল্প কিছু চাওয়াই আমার সবচেয়ে বড় সব চাওয়া হয়ে দাড়াবে?
তাহলে এই চাওয়াগুলো পূরন করার কোন সুযোগ আমাকে তুমি দেবে না?